মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মানবিক সেবা ফাউন্ডেশন ও স্থানীয়দের আয়োজনে রাজৈর উপজেলার ছাগলছিড়া-বৈরাগীর বাজার সড়কের কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানসহ মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি নিছক একটি হত্যাকা- নয়, এটি আমাদের সমাজব্যবস্থা, নৈতিকতা ও নারীর নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমাদের কন্যাশিশুরা আজ নিরাপদ নয়, লামিয়ার মতো নিষ্পাপ শিক্ষার্থী এভাবে খুন হওয়া মেনে নেওয়া যায় না। তারা আরও বলেন, প্রশাসন যদি চিহ্নিত খুনিদের দ্রুত আইনের আওতায় না আনে, তাহলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।
উল্লেখ্য, লামিয়া গত বুধবার রাতে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা বাড়ির পার্শ্ববর্তী আবদুল হক মাতুব্বরের পুকুর পাড়ে ভাসমান অবস্থায় দেখতে পায়।