মুজিব মঞ্চের স্থানে হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

আগামী ৫ আগস্ট বগুড়ায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ ২৪’র জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই কারণে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শহরের সাতমাথায় প্রধান ডাকঘরের সামনে মুক্তমঞ্চের (যা পূর্বের মুজিব মঞ্চ) স্থানে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। এই স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হচ্ছে ১৩ লাখ ৩৩ হাজার টাকা। বগুড়ার গণপূর্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২০২৩ সালে ওই স্থানে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে মুজিব মঞ্চ ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়। জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে ওই মঞ্চটি প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তমঞ্চ ও পরে মুক্তমঞ্চ এবং শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর জুলাই-আগস্ট আন্দোলনে বগুড়ায় শহীদ ১৯ জনের নামফলক লাগায় জাস্টিস ফর জুলাই নামের সংগঠন। মুক্তমঞ্চটিতে গত এক বছর ধরে বিভিন্ন ধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছিল।