কৌশলগত পুনর্গঠন এবং মূলধন ভিত্তি শক্তিশালী করার ধারাবাহিকতায় ২০২৫ সালের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি। প্রকাশিত তথ্য অনুযায়ী, মুনাফায় ইতিবাচক প্রবণতা এবং ব্যালান্সশিটের স্থিতিশীলতা ধরে রাখার অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের প্রথমার্ধে সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ০.১২ টাকা। এর মধ্যে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) EPS ছিল ০.০৫ টাকা, যা দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বেড়ে দাঁড়ায় ০.০৭ টাকায়। এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে সুসংগঠিত কার্যক্রম ও শৃঙ্খলাপূর্ণ আর্থিক ব্যবস্থাপনার ফলাফল হিসেবে দেখা হচ্ছে, যা ২০২৪ সালের প্রতিকূল পরিস্থিতি থেকে কোম্পানির পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।
২০২৫ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই অর্ধবার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ঝুঁকিপূর্ণ ঋণ, লিজ ও বিনিয়োগ থেকে আদায় কার্যক্রম জোরদার করার পাশাপাশি অতিরিক্ত প্রভিশন সমন্বয়ের ফলে নিট মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে। একইসঙ্গে ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করায় কোম্পানির দক্ষতা ও মুনাফার ধারাবাহিকতা বৃদ্ধি পেয়েছে।
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ০.০৭ টাকা, যেখানে ২০২৪ সালের একই সময়ে এই পরিমাণ ছিল ০.১৩ টাকা। ২০২৫ সালের প্রথমার্ধে মোট EPS দাঁড়িয়েছে ০.১২ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় (০.৩৩ টাকা) কম। কোম্পানির ভাষ্য মতে, এই ফলাফল ২০২৪ সালের রক্ষণশীল প্রভিশনিং এবং ব্যালান্সশিট ঝুঁকমুক্ত করার কৌশলের অগ্রগতির প্রতিফলন।
২০২৪ সালে বাংলাদেশ ফাইন্যান্স ঝুঁকিনির্ভর রক্ষণশীল প্রভিশন নীতিমালা বাস্তবায়ন করে, যেখানে কোনো ধরনের ছাড় না দিয়ে ঝুঁকিপূর্ণ ঋণ, লিজ, বিনিয়োগ, তালিকাভুক্ত সিকিউরিটিজ, প্রাইভেট প্লেসমেন্ট, ঋণাত্মক ইক্যুইটি ও স্থায়ী আমানতের বিপরীতে পূর্ণ প্রভিশন সংরক্ষণ করা হয়। স্বল্পমেয়াদে এতে মুনাফা কিছুটা কমলেও কোম্পানির ব্যালান্সশিটে স্থিতিশীলতা এবং ঝুঁকি সহনশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
ভবিষ্যতের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে কোম্পানি এখন তারল্য ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং সম্পদের গুণগত মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বৃহৎ প্রাতিষ্ঠানিক ঋণের বদলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে অর্থায়ন বাড়িয়ে ঋণ বিতরণে বৈচিত্র্য আনা হচ্ছে। এছাড়া, শরিয়াভিত্তিক সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণে গতি আনা হচ্ছে। একইসঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাতেও বাড়ানো হচ্ছে দক্ষতা।