ফেনীতে বাজারে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে রবিবার (২০ জুলাই) রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া।

ব্যবসায়ীদের দাবি আগুনে ১৩ দোকান পুড়ে ছাই হয়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, আগুন লাগার খবর পেয়ে ছুটে গিয়ে দেখি আগুন বাজারের একটি অংশ গ্রাস করে নিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৩ দোকান পুড়ে ছাই হয়ে যায়। উপার্জনের সম্বল হারিয়ে গেছে আমাদের।

এ বিষয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪০ মিনিট পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশের মার্কেট আগুন থেকে রক্ষা পায়।