বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বলে বরফ কলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আবুল বশর (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আবুল বশর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাহারঘোনা গ্রামের চান্দ মিয়া হাজির ছোট ছেলে। আবুল বশর দীর্ঘদিন ধরে আইস ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার তফসির উদ্দিনের মালিকানাধীন আইস ফ্যাক্টরিতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে।

এতে সেখানে কর্মরত ছয়জনের মধ্যে আবুল বশর সবচেয়ে কাছাকাছি অবস্থান করায় তিনি মারাত্মকভাবে গ্যাসক্রিয়ায় আক্রান্ত হন। আত্মরক্ষার জন্য তিনি দৌড় দেন এবং ৩০ গজ দূরে গিয়ে পাশের জমিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা আইস ফ্যাক্টরির কর্মচারী জামশেদ বলেন, ‘ঘটনার সময় আমরা ছয়জন একসঙ্গে ছিলাম। গ্যাস ছড়িয়ে পড়লে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু বশর সিলিন্ডারের সবচেয়ে কাছাকাছি ছিলেন, তাই তিনি বেশি আক্রান্ত হন। গ্যাসে তার পিঠ ঝলসে যায়।’

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে আবুল বশরের লাশ উদ্ধার করি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’