মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদাবাজির অভিযোগে এক চাঁদাবাজকে নৌযানসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রামবাসী।
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদী থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল (৩০) উপজেলার আড়ালিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। এ সময় চাঁন বাদশা ও ইব্রাহিম নামে আরও দুই চাঁদাবাজ কৌশলে পালিয়ে যায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বালুয়াকান্দীর মেঘনার শাখা নদীর নির্মাণাধীন আড়ালিয়া-হরিপুর ব্রিজ এলাকায় ইঞ্জিনচালিত ছোট ট্রলারের মাধ্যমে নৌযান শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র।
গতকাল দুপুরে চাঁদাবাজির সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় একজনকে হাতেনাতে আটক করলেও তার সঙ্গে থাকা অপর দুজন কৌশলে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মিছির আলী বলেন, ‘এই চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী। এই চক্রের বাকি সদস্যদের দ্রুত আটকের দাবি জানাই।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, আটক ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।