রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। গতকাল সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। শোক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জন নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত হয়েছে ১৬৪ জন। এই দুর্ঘটনার খবর বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাদের শিরোনাম ছিল, ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ২০’। রয়টার্সের বরাতে একই শিরোনামে প্রতিবেদন করেছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন। ১৯ জন নিহত এবং শতাধিক আহতের তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ‘বাংলাদেশের স্কুলে বিমানবাহিনীর জেট বিধ্বস্তে অন্তত ১৯ জন নিহত’। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, ‘স্কুলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের সামরিক বিমান, নিহত অন্তত ২০’। বার্তা সংস্থা এপির শিরোনামে বলা হয়েছে, ‘ঢাকার স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর জেট বিধ্বস্ত’।
রয়টার্সের বরাতে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। তাদের শিরোনাম, ‘ঢাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ জেট বিধ্বস্তে নিহত ২০, আহত শতাধিক’। এ ছাড়া, উত্তরায় বিমান দুর্ঘটনার খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ, সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এনডিটিভি, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের প্রধান প্রায় সব সংবাদমাধ্যমেও এ খবর প্রকাশ পেয়েছে।