বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল

দুর্ঘটনার পর আইএসপিআর জানায়, গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বাংলাদেশ বিমানবাহিনী থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। বিমানটির ফ্লাইট  লেফটেন্যান্ট মো. তৌফিক ইসলাম বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝতে পেরে দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এতে ২০ জন মারা যায়। নিহতদের বেশিরভাগ ঘটনাস্থলেই মারা যায়। আইএসপিআর আরও জানিয়েছে, আহত সবাইকে বিমানবাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়। অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমানবাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়, সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।  সেনাবাহিনীপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্রবাহিনী বিভাগসহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতিমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।