দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রণ কাঠামোয় আনা হলো যুগান্তকারী পরিবর্তন। স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনের বিল সোমবার রাজকীয় অনুমোদন (রয়্যাল অ্যাসেন্ট) পাওয়ার মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে, যা ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছে সমর্থক সমাজ।
নতুন আইন অনুসারে, ইংলিশ ফুটবলের পুরুষ বিভাগের শীর্ষ পাঁচ স্তরে তত্ত্বাবধান করবে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, যা সরকার কিংবা ফুটবল কর্তৃপক্ষ থেকে স্বাধীনভাবে কাজ করবে। উদ্দেশ্য, ফুটবল ক্লাবগুলোর টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা, আর্থিক সুশাসন আনা এবং সমর্থকদের স্বার্থরক্ষা।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই আইনকে অভিহিত করেছেন ‘ইংলিশ ফুটবলের জন্য গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে। তাঁর মতে, এটি ফুটবলের ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও ন্যায্য করে তুলবে। সমর্থকদের সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (এফএসএ)-এর প্রধান নির্বাহী কেভিন মাইলসও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটা দেশের ফুটবলের জন্য একটি যুগান্তকারী ক্ষণ।”
এই আইন প্রণয়নের পেছনে মূল ভূমিকা রেখেছে সমর্থকদের নেতৃত্বে হওয়া ফুটবল কাঠামো পর্যালোচনা। যদিও ২০২৪ সালের মার্চে বিলটি কনজারভেটিভ সরকারের সময় সংসদে উঠেছিল, নির্বাচনের কারণে তখন তা পাস হয়নি। তবে লেবার সরকার ক্ষমতায় এসে আবারও বিলটি উত্থাপন করে এবং মাত্র চার মাসের মধ্যেই সেটি আইনে পরিণত হয়।
নতুন নিয়ন্ত্রক সংস্থাটি ২০২৫ সালের শেষ দিকেই কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শে বসবে সরকার। সংস্কৃতিবিষয়ক সচিব লিসা ন্যান্ডি এই আইনকে ‘সমর্থকদের স্বস্তির নিঃশ্বাস’ হিসেবে উল্লেখ করে বলেন, “আমার ক্লাব উইগান অ্যাথলেটিকের মতো অনেক ক্লাব দুর্বল মালিকানা ও অর্থনৈতিক সংকটে পড়ে ভেঙে পড়েছে। এখন আমরা ক্লাবগুলোর ভিত্তি মজবুত করছি, সমর্থকদের আবার কেন্দ্রে ফিরিয়ে আনছি।”
তবে সবাই যে এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন, তা নয়। হাউস অব লর্ডসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ভাইস চেয়ারম্যান কারেন ব্রাডি বিলটির ‘ঝুঁকি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, এতে প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, এর আগে তারা সতর্ক করে জানিয়েছিল—স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ‘অপ্রয়োজনীয় জটিলতা’ তৈরি করতে পারে। সেই সঙ্গে বিশ্বমানের খেলোয়াড় কেনায় বিনিয়োগ হ্রাস এবং ইংলিশ ফুটবলের আন্তর্জাতিক মর্যাদা হুমকির মুখে পড়তে পারে বলেও তাদের আশঙ্কা।
তবে যত বিতর্কই থাকুক, বহু সমর্থকের চোখে এই আইন ইংলিশ ফুটবলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। যেখানে কেবল খেলা নয়, ক্লাবের অস্তিত্ব ও সংস্কৃতিও থাকবে সুরক্ষিত।