ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এমিলিয়ানো ‘ডিবু’ মার্তিনেজ যেন স্বপ্নের গোলরক্ষক। তবে তাকে পেতে হলে রীতিমতো মোটা অঙ্কের অর্থ গুনতে হবে ইংলিশ জায়ান্টদের। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেডের পক্ষ থেকে দেওয়া প্রাথমিক ধারের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। ক্লাবটি জানিয়ে দিয়েছে, তাদের সহ-অধিনায়ককে ছাড়তে হলে দিতে হবে অন্তত ৪০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫৫ মিলিয়ন ডলার)।
ডিবু মার্তিনেজের শেষ হোম ম্যাচে কান্নাজড়িত বিদায় মুহূর্তই জল্পনা তৈরি করেছিল তার ভবিষ্যৎ নিয়ে। সেই জল্পনাই এবার আরও উসকে দিল ম্যানইউর প্রস্তাব ও ভিলার প্রতিক্রিয়া।
২০২৯ সাল পর্যন্ত সম্প্রতি চুক্তি নবায়ন করলেও মার্তিনেজের স্থায়িত্ব নিশ্চিত নয়। ক্লাবের দৃষ্টিতে তিনিই স্কোয়াডের মূল স্তম্ভ। তাই ‘যথাযথ মূল্য ছাড়া’ তাকে ছাড়তে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। তবুও তারা সম্ভাব্য বিদায়ের জন্য প্রস্তুতি নিতে দেরি করছে না। ইতোমধ্যে ফরাসি ক্লাব ব্রেস্ট থেকে মার্কো বিজোতকে দলে ভিড়িয়েছে ভিলা। চ্যাম্পিয়নস লিগে নজরকাড়া পারফরম্যান্সের পর বিজোতের আগমন মার্তিনেজের সম্ভাব্য প্রস্থানের ইঙ্গিতই দিচ্ছে।
ডিবু মার্তিনেজ নিজেই নাকি ইউনাইটেডে যেতে মরিয়া। ‘দ্য সান’ জানিয়েছে, "এমিলিয়ানো মার্তিনেজ তার স্বপ্নের ক্লাবে যোগ দিতে মরিয়া।" এমনকি এই সুযোগের জন্য তিনি নাকি একাধিক ক্লাবের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।
আর্জেন্টাইন সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে বন্ধুত্বও ইউনাইটেডে যোগ দেওয়ার ইচ্ছাকে আরও জোরালো করেছে। সূত্র মতে, 'লিচার সঙ্গে দারুণ বন্ধুত্ব আছে ডিবুর। ইউনাইটেডে যোগ দিতে সে মুখিয়ে আছে।'
অন্যদিকে, ইউনাইটেডের কোচ রুবেন আমরিম গোলপোস্টে আন্দ্রে ওনানার উপর আস্থা হারিয়েছেন বলেই মার্তিনেজের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের উপর ভরসা করছেন।
এখনো ৪০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি কোনো প্রস্তাব না আসায় ভিলা আপাতত ডিবুকে ছাড়ছে না। তবে ইউনাইটেড যদি মার্তিনেজকে না পায়, তাহলে তারা অন্য বিকল্পের দিকেও নজর দিতে পারে। এরই মধ্যে বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পের ২২ বছর বয়সী গোলকিপার সেন লামেন্স-এর নাম উঠে এসেছে সম্ভাব্য বিকল্প হিসেবে।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটিও ডিবুর দিক নজর রাখছে বলে গুঞ্জন রয়েছে। অর্থাৎ দ্বিপাক্ষিক লড়াই হয়তো শুরুই হয়ে গেছে।
ইংল্যান্ডে প্রাক-মৌসুম চলছে, আর ২০২৫/২৬ মৌসুম শুরু হবে ১৫ আগস্ট লিভারপুল-বোর্নমাউথ ম্যাচ দিয়ে। পরদিন নিউক্যাসলের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। আর ডিবুর নতুন ঠিকানা যদি হয় ওল্ড ট্র্যাফোর্ড, তাহলে ১৭ আগস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচেই তার অভিষেক হয়ে যেতে পারে ইউনাইটেডের হয়ে।
উইকেটের দোষ নাকি পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা
টেস্টে ডসনের প্রত্যাবর্তন ৮ বছর পর, ফাওয়াদের ছিল ১০