দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল তিনটার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কুমিল্লা কোতোয়ালি থানার জেলরোড এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, সাইফুল ইসলাম প্রাইভেটকার চালিয়ে কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। বেশি পানি এবং সিটবেল্ট বাঁধা থাকায় বের হতে পারেনি। পরে মৃত অবস্থায় গাড়ি থেকে বের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।