পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য

১৩৩ রান করেও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৮ রানে। ম্যাচসেরা জাকের আলি অনিক সংবাদ সম্মেলনে এসে বলেছেন, শুরুতে দ্রুত উইকেট হারানোর পর তাদের লক্ষ্য ছিল ১৪০ রান করা। ব্যাটিংয়ে যাবার সময় অধিনায়ক লিটন দাস এই লক্ষ্যই দিয়েছিলেন জাকেরকে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, 'আমার কাছে মনে হয় এই উইকেটে প্রপার ব্যাটিং করলে ১৫০ থেকে ১৬০ রান করা সম্ভব আমাদের জন্য। তবে দ্রুত কয়েকটা উইকেট হারানোর পর আমি যখন ব্যাট করতে যাই তখন লিটন আমাকে বলে যে ১৪০ করে আসতে। সেই হিসেবে আমরা ৬টা রান কম করে আসছি। শেষ বলে ছক্কা হয়ে গেলে সেটা হয়েও যেতে পারত।'

মিরপুরের উইকেট নিয়ে পাকিস্তানের কোচ মাইক হেসন সমালোচনা করেছিলেন প্রথম ম্যাচের পর। দ্বিতীয় ম্যাচের পর ফাহিম আশরাফ সংবাদ সম্মেলনে এসে বলেছেন, 'বিপিএলে এখানে আমি গত দুটো মৌসুম খেলেছি। বিপিএল খেলা হয় ডিসেম্বর জানুয়ারিতে। তখন বৃষ্টি থাকে না। উইকেট অনেক ভাল থাকে। এরকম ডাবল বাউন্স হয় না,বল এতটা ধরে আসে না।'

একই প্রসঙ্গে জাকের বললেন, এই উইকেট বুঝে খেলাটাই বাংলাদেশের শক্তি, 'আমরা জানি এই উইকেট হাই স্কোরিং না। এখানে খুব বেশি রান হবে না। এখানে বুঝে খেলতে হবে। সিলেটে খেলা হলে এই অ্যাপ্রোচে খেললে হবে না।'

টপ অর্ডারের ব্যর্থতায় ফিনিশার রোলের জাকেরকে ব্যাটিংয়ে চলে আসতে হয় ম্যাচের ষষ্ঠ ওভারেই। এই ব্যপারটার জন্য প্রস্তুতি ছিল জাকেরের, 'প্রস্তুত তো ছিলামই । আর আমি তো উপরে ব্যাটিং করেও অভ্যস্ত। আগেও পাঁচে ব্যাটিং করেছি, প্রিমিয়ার লিগেও উপরে ব্যাটিং করেছি। আমার মানিয়ে নিতে কোন সমস্যা হয়নি।'

পঞ্চম উইকেটে শেখ মেহেদি হাসানের সঙ্গে ৪৯ বলে ৫৩ রানের জুটিটাই বাংলাদেশের মেরুদন্ড, যেরকম একটা জুটির অভাবেই ম্যাচটা পকেটে পুরতে পারেনি পাকিস্তান। মেহেদির অবদান নিয়ে জাকের বলেছেন, 'মেহেদি যে ইনিংসটা খেলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে যখন আক্রমণ করে খেলছিল তখন আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে স্রোতে গা ভাসাব না, আমি তখন নিজেকে সংযত রাখছিলাম।'

প্রায়ই জাকেরকে ব্যাট করতে হয় টেলএন্ডারদের নিয়ে, এই ম্যাচেও জাকের অন্যপ্রান্তে সঙ্গী হিসেবে পেয়েছেন মূলত বোলারদের। জাকের বললেন এটা তার অভ্যাস হয়ে গেছে, 'আমার বয়স ভিত্তিক ক্রিকেটে একটা সেঞ্চুরি আছে যেখানে টেলএন্ডারের সঙ্গে ৭১ রানের জুটি আছে। আমি অনূর্ধ-১৭, অনূর্ধ-১৯ পর্যায় থেকেই এভাবে খেলে আসছি। আমার অভ্যাস আছে। আমি অন্যপ্রান্তে যে থাকে তাকে প্রপার ব্যাটসম্যানই মনে করি।'

কয়েকটা ত্রিশ ও চল্লিশের ঘরের ইনিংস খেলার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরির দেখা পেলেন জাকের। তার কাছে ইনিংসটা যদি ম্যাচ জেতানো না হয় তাহলে সেই ইনিংসের কোন মূল্য নেই, 'ইনিংসে যদি দল জয়লাভ করে তাহলে সেই ইনিংস মূল্যবান, সেটা না হলে হাফসেঞ্চুরি হলেও কোন মূল্য নেই। যে ইনিংসে দল জয়লাভ করে না সেটা আমার কাছে মূল্যহীন'।

২-০ তে সিরিজ জয়ের পর এখন বাংলাদেশের লক্ষ্য ৩-০ তে হোয়াইটওয়াশ, জানিয়েছেন জাকের। একই সঙ্গে সমবেদনা জানিয়েছেন উত্তরায় বিমান দূর্ঘটনায় নিহতদের জন্য, তাদের রুহের মাগফেরাত কামনা করেছেন জাকের। একই সঙ্গে প্রার্থনা করেছেন আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য।