চোটে জর্জর ভারতীয় শিবিরে হঠাৎ এক আনকোরা পেসার

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম

চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। পেসার আকাশ দীপ গ্রোইন ইনজুরির কারণে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না। এর আগে নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটে পুরো সিরিজ থেকে ছিটকে যান। আরেক পেসার অর্শদীপ সিং-ও ফিট নন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আজই কাম্বোজকে স্কোয়াডে যুক্ত করেছে ভারত।

ভারত অধিনায়ক শুবমান গিল বলেছেন, “ইনজুরির কারণে খেলোয়াড় হারানো সবসময়ই কঠিন। নীতিশ পুরো সিরিজে নেই, আকাশ এই ম্যাচে নেই, অর্শদীপও নেই।'' তাহলে খেলবেন কে, “আনশুল অভিষেকের খুব কাছাকাছি। কাল আমরা দেখব ও নাকি প্রসিদ্ধ খেলবে।''

কে এই কাম্বোজ

ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, আনশুল কাম্বোজ এক বিরল ঘরানার পেসার—যারা শুধু গতি বা সুইংয়ে নির্ভর করেন না, বরং পরিকল্পনা ও ম্যাচ পরিস্থিতি বুঝেও বল করেন। অশ্বিন বলেন, “অনেক পেসারকে দেখি যারা শুধু বলে—নিজেকে প্রকাশ করতে চাই, খেলা উপভোগ করতে চাই। কিন্তু কাম্বোজ জানে কী পরিকল্পনা এবং কিভাবে তা কার্যকর করতে হয়। এটা জাহির খানের মতো; সাম্প্রতিক সময়ে বুমরাহও এমন।”

অশ্বিন আরও যোগ করেন, “আমি স্কিলের তুলনা করছি না। আমি বলছি ও সেই ধরনের খেলোয়াড়দের মধ্যে পড়ে, যারা পরিস্থিতি বুঝে বল করে।”

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাম্বোজ ভারত 'এ' দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সদের বিপক্ষে চার ইনিংসে ৫টি উইকেট নেন। নরদাম্পটন ও ক্যানটারবুরিতে কাম্বোজের সুইং ও বাউন্স মুগ্ধ করে নির্বাচকদের।

অশ্বিন তার লাইন-লেন্থ ও কবজির অবস্থানের প্রশংসা করে বলেন, “ওর খুব ভালো ‘তাপ্পা’ (স্বাভাবিক লেন্থ)। কবজির অবস্থান খুবই নিখুঁত এবং সে সবসময় আপরাইট সিমে বল ছাড়ে। আইপিএলেও আমি ওকে এই একই মানসিকতায় দেখেছি।”

গত মৌসুমে রঞ্জি ট্রফিতে কেরালার বিপক্ষে এক ম্যাচে ১০ উইকেট নিয়ে নজর কাড়েন কাম্বোজ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার বোলিং গড় মাত্র ১৩, যা ইংলিশ কন্ডিশনে সফল হওয়ার বড় ইঙ্গিত।

'বুমরাহ, সিরাজ আর কাম্বোজ—এই ত্রয়ী হলে এটা হবে ভয়ঙ্কর বোলিং আক্রমণ,' মনে করেন অশ্বিন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত