নেসকোর সাবেক প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার পরিপ্রেক্ষিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পঞ্চগড় অফিসের সাবেক নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক আজমির শরীফ মারজী। গত বছরের ৮ ফেব্রুয়ারি আহসানুল কবীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা ইমরান হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় পঞ্চগড়ের সিনিয়র স্পেশাল জজ আদালত। ইতিমধ্যে তার কিছু সম্পত্তিতে ক্রোকের নোটিস ঝুলানো হয়েছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর মৌজায় ৫ শতাংশ জমি ও ঢাকা রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সুরমা ভবনের একটি ফ্ল্যাট।