সচিবালয়সহ সারা দেশে বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে। ঘটনাস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায় এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। এ ঘটনায় আহত প্রায় ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, যাদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। একই দাবিতে গতকাল দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সারা দেশের শিক্ষা বোর্ডের সামনে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিক্ষোভ করে। দুপুরে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এ সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হলে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পার্কিং এলাকায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।  বিকেল ৪টার পর সচিবালয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায় এবং টিয়ার গ্যাস ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ সেøাগানে সচিবালয় প্রাঙ্গণ মুখরিত করে। বিক্ষোভ তীব্র হওয়ায় সচিবালয়ের প্রধান ফটকে সেনাবাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের আগে থেকেই মোতায়েন করা হয়েছিল। 

এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় বিপর্যয় ঘটেছে, অথচ সেই রাত প্রায় ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি, পথে শুনি পরীক্ষা বাতিল হয়েছে। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিব আমরা আর চাই না। 

শিক্ষার্থীদের দাবি, শুধু মাইলস্টোন কলেজের দুর্ঘটনার কারণেই নয়, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছে। সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গেট বন্ধ থাকায় ভেতরে বেশ কিছু সরকারি যানবাহন আটকা পড়ে।  শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফেসবুকে এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য জানান। তবে শিক্ষা উপদেষ্টার বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত জানায়নি।

বোর্ডগুলোর সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ : শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে ময়মনসিংহ নগরীর গাঙিনারপাড় ট্রাফিক মোড়ে বেলা ১১টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এতে আনন্দ মোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ এবং কমার্স কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 

বেলা ১২টার দিকে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগম এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। 

বেলা দেড়টার দিকে চট্টগ্রামে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। নগরীর মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে, যার ফলে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা শিক্ষা বোর্ডসংলগ্ন মুরাদপুরের মূল সড়কে অবরোধ করে। এ ছাড়া, রাজশাহী, সিলেট, বরিশাল, কুমিল্লা, দিনাজপুরসহ দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। 

আগামীকালের এইচএসসি পরীক্ষাও স্থগিত : গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার কারণে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’ রুটিন অনুযায়ী, ওইদিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

এদিকে, একই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ ও আগামীকালের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

 উল্লেখ্য, গত সোমবার রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এর জেরে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি জানায়। রাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না এলেও, রাত পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানান। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিলে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়।