ফরিদপুরে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাড়ে ৮ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ মল্লিক (৮) ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভড়া গ্রামের মাসুদ মল্লিকের ছেলে। আব্দুল্লাহ স্থানীয় মুহাম্মাদিয়া আরাবিয়া নূরানী কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শিশু আব্দুল্লাহ বুধবার সকাল ৮টার দিকে স্কুলে যেতে বাড়ি থেকে বের হয়। পরে রাস্তা পারাপারের সময় কৃষ্ণপুর-সদরপুর গামি একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল যায়। বর্তমানে শিশুটির লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।