‘পাকিস্তানকে এখন পরাজয় থেকে শিক্ষা নিতে হবে’

হার থেকে শিক্ষা নেওয়া বাংলাদেশি ক্রিকেট অধিনায়কদের মুখেই বেশি শোনা যায়। এবার বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি–টোয়েন্টি ৮ রানে জিতে ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। সিরিজ হারের পর উত্তরসূরিদের পরাজয় থেকে শিক্ষা নিতে বললেন রমিজ।

নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’–এ তিনি বলেছেন, ‘ম্যাচ ও সিরিজ- দুটিই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং–বোলিং করা উচিত। শেষের দিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। ফাহিম আশরাফ আউট না হলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল।’চলতি সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন রমিজ রাজা।

রমিজ আরও বলেন, ‘জাকের আলীর সৌজন্যে বাংলাদেশ প্রথমে ঠিকঠাক রান সংগ্রহ করেছে। এরপর তারা বোলিংও দুর্দান্ত করেছে এবং ম্যাচ জিতে নিয়েছে। পাকিস্তানের আসলে কী করা উচিত? দেখুন, এ ধরনের দল যখন খেলাবেন, তারা ব্যাটিং উইকেট হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু কঠিন উইকেটে আপনার দরকার কৌশলগত দিক থেকে ভালো মানের ব্যাটসম্যান ও কয়েকজন অভিজ্ঞ বোলার। পাশাপাশি আজ (গতকাল) একজন নিয়মিত স্পিনার কম ছিল। উইকেট নিতে হলে একাদশে এমন একজন স্পিনার দরকার।’

শেষে বাংলাদেশের পারফরম্যান্সের বেশ প্রশংসাও করেছেন ৬২ বছর বয়সী রমিজ। একইসঙ্গে পাকিস্তানকে এই হার থেকে শিক্ষাও নিতে বলেছেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন পরাজয় থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’