এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভিয়েতনামে আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। কঠিন এই বাছাই পেরোনোর প্রস্তুতি হিসেবে বাহরাইন যুব দলের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ যুব দল। প্রস্তুতি ম্যাচ দুটি হবে বাহরাইনে ১৮ ও ২২ আগস্ট। প্রস্তুতি ম্যাচের তারিখ চূড়ান্ত হলেও দলের প্রস্তুতি কবে শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
বুধবার জাতীয় দল কমিটির কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় অনলাইনে। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে সেই সভায় প্রস্তুতি ম্যাচ দুটি খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া ভিয়েতনামের আবহাওয়ার মানিয়ে নিতে একটু আগেভাগে দল সেখানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, দুই-একদিনের মধ্যে মাঠের প্রস্তুতি কবে শুরু হবে, তা চূড়ান্ত হবে।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই সভায় বসে প্রস্তুতি শুরুর তারিখ চূড়ান্ত করবো। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর অধীনে এই বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ যুব দল। একই সময়ে জাতীয় দলের নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তাই অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিচ্ছেন না জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে টিটু যুব দলকে প্রস্তুত করবেন কাবরেরার নির্দেশনা মেনে।’
টিটু অবশ্য এখনও বাছাইয়ের জন্য প্রাথমিক দল চূড়ান্ত করেননি। এই দলে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে জুনের শেষ সপ্তাহে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে অংশ নেওয়া কয়েকজনকে। তবে পাসপোর্ট জটিলতার কারণে ট্রায়ালে বাছাইকৃত প্রবাসীদের এই বাছাইয়ে খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। তবে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যুক্তরাজ্য প্রবাসী কিউবা মিচেলের যুব দলে খেলার সম্ভাবনা রয়েছে।