আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। তবে লিগ শুরুর মাত্র চার দিন আগে জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে নিয়ে বিপাকে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের প্রস্তুতি শুরু করতে জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের নয় ফুটবলারকে ফেরত চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
লিগের ১৩ ক্লাবের মধ্যে ১০টি এরই মধ্যে বাফুফেকে চিঠি দিয়ে লিগ ও ফেডারেশন কাপের সূচি এমনভাবে নির্ধারণের অনুরোধ করেছিল, যাতে প্রতিযোগিতাগুলো নিরবচ্ছিন্নভাবে আয়োজন করা যায়। তবে ক্লাবগুলোর আপত্তি উপেক্ষা করে রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চূড়ান্ত করেছে বাফুফে। চূড়ান্ত সূচিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মোহামেডান। ক্লাবটির নয় ফুটবলার বর্তমানে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য চলমান জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন। এ কারণে এখনো দলীয় অনুশীলনও শুরু করতে পারেনি তারা।
আগামী মঙ্গলবার থেকে লিগের প্রস্তুতি শুরু করতে চায় মোহামেডান। হাতে সময় মাত্র চার দিন থাকায় জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় ফুটবলারকে ছাড়া অনুশীলন শুরু করাও কঠিন হয়ে পড়েছে ক্লাবটির জন্য। এ অবস্থায় সোমবার বিকেলে বাফুফেকে চিঠি দিয়ে মঙ্গলবারের মধ্যে ওই নয় ফুটবলারকে অবমুক্ত করার অনুরোধ জানিয়েছে মোহামেডান।
চিঠিতে ক্লাবটি জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সময়ে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। তবে লিগের প্রস্তুতির জন্য এই মুহূর্তে খেলোয়াড়দের ক্লাবে ফেরত পাওয়া জরুরি। মোহামেডানের জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় ফুটবলার হলেন—সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, ফয়সাল আহমেদ ফাহিম, সোরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন।
লিগ শুরুর আগে জাতীয় দলের ক্যাম্প ও ক্লাব ফুটবলের সূচির এই সমন্বয়হীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে জাতীয় দলের প্রস্তুতি, অন্যদিকে ঘরোয়া লিগের প্রস্তুতি—দুই দিক সামলাতে গিয়ে ক্লাবগুলোকে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য সূচি প্রণয়নে আরও সমন্বিত পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।