আসিয়ান কাপের প্রস্তুতিতে ক্যাম্পে যোগ দিলেন জামাল-মোরসালিনরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি মিশন শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে টুর্নামেন্টটি। ফিফা স্বীকৃত কোনো চূড়ান্ত পর্যায়ের টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ বৃহস্পতিবার রাজধানীর একটি শীর্ষ হোটেলে ক্যাম্প শুরু করেছে।

আসিয়ান কাপের জন্য জাতীয় দলের যুক্তরাষ্ট্রের কোচ টমাস ডুলি ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। গতকাল সকালে ছিল খেলোয়াড়দের রিপোর্টিং। নির্ধারিত সময়ে ১৮ জন ফুটবলার রিপোর্ট করেন। পরে সন্ধ্যায় মোহামেডানের নয় ফুটবলারও ক্যাম্পে যোগ দেন। তবে প্রথম দিনের রিপোর্টিংয়ে ছিলেন না গোলরক্ষক মিতুল মারমা। মিতুলের ক্যাম্পে যোগ দিতে দেরি হওয়ার কারণ পারিবারিক। তার স্ত্রী অসুস্থ হওয়ায় পরিবারের পাশে থাকতে কিছুটা সময় চেয়েছেন এই গোলরক্ষক। বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে সময় দিয়েছেন জাতীয় দলের কোচ টমাস ডুলি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘মিতুলের স্ত্রী অসুস্থ। পরিবারের পাশে থাকতে তিনি সময় চেয়েছেন। কোচও সেটা সম্মত হয়েছেন। পরিবারের সংকট কাটিয়ে মিতুল ক্যাম্পে ফিরবে।’

এদিকে জাতীয় দলের ক্যাম্পে ক্লাব থেকে খেলোয়াড় ছাড়ার বিষয়েও কিছুটা জটিলতা ছিল। কাল সকালে মোহামেডান তাদের নয় ফুটবলারকে ক্লাবে ডেকেছিল। পরে ফেডারেশন থেকে চিঠি পাওয়ার পর জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়দের যোগ দেওয়ার অনুমতি দেয় ক্লাবটি। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া বলেন, ‘জাতীয় স্বার্থে আমরা অবশ্যই খেলোয়াড় ছাড়ব। তবে ফেডারেশন থেকে চিঠি তো পেতে হবে। চিঠি পাওয়ার পরেই আমরা জাতীয় দলে ছাড়ার সিদ্ধান্ত দিয়েছি। ক্লাব ক্যাম্প শুরু হলে আবার ফিরে আসতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত