৭ দিনে ডিএসইতে সূচক বেড়েছে ৩০৩ পয়েন্ট

দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটিয়ে লেনদেনে সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। ফলে শেয়ারবাজার কিছুদিন থেকে ইতিবাচক ধারায় রয়েছে। বিশেষ করে গত সাত কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক। এ সময়ে বাজারটির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

গতকাল বুধবার এক দিনে ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার শূন্য দশমিক ৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এই সাত কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ৩০৩ পয়েন্ট।

এ দিকে গতকাল ডিএসইতে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭২২ কোটি ৩০ লাখ টাকা। এ হিসেবে গতকাল লেনদেন বেড়েছে ২৬৪ কোটি ২৪ লাখ টাকা বা ৩৭ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৭টি বা ৫৫ দশমিক ০৮ শতাংশের। আর দর কমেছে ৯৯টি বা ২৫ দশমিক ১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮টি বা ১৯ দশমিক ৮০ শতাংশের। অন্যদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ২৯টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯০ পয়েন্টে। আগের দিন সিএসইতে ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়েছিল।