নওগাঁয় আড়ায় ঝুলছিল স্বামী বিছানায় স্ত্রীর লাশ

নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে থানা-পুলিশ। নিহতরা হলেন শীতলী ফকিরপাড়া গ্রামের আব্দুল হাই বাবু (৪৮) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৬)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে আব্দুল হাই বাবু তার স্ত্রী ও ছোট দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে তার বড় মেয়ে ঘুম থেকে উঠে দেখতে পায় তার মা বিছানায় পড়ে আছেন আর তার বাবা গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। পরে থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

এদিকে গাজীপুরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বারেন্ডা উত্তরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম জামাল (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জামাল ওই এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সকালে দরজা খোলা দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভেতরে ঢুকে গলাকাটা অবস্থায় জামালের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। স্থানীয় একটি সূত্র জানায়, নিহত জামাল কাঠমিস্ত্রির কাজ করতেন। গত দু-তিন বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।