বিদ্যুতের প্রিপেইড মিটারকে মরণফাঁদ আখ্যায়িত করে এই মিটার স্থাপন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সংগঠন।
গতকাল বুধবার দুপুরে শহরের কিল্লারপুলে ডিপিডিসি কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রাক্কালে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, এটিএম কামাল, জাহাঙ্গীর কবির পোকন, মহিউদ্দিন মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আপনারা প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করবেন না। জনগণের আপত্তি উপেক্ষা করে প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করলে নারায়ণগঞ্জবাসী হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন শেষে মিছিল বের করা হয়। পরে ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।