এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন যাত্রী। আহত হয়েছেন আরও ছয়জন।

আজ বৃহস্পতিবার সকালে পদ্মারেল স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসযোগে ঢাকার পথে ছিলেন।

আহত ছয়জনের মধ্যে তিনজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের নেওয়া হয়েছে ফরিদপুর মেডিকেলে।

শিবচর হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আত্মীয়কে আনতে স্বজনদের নিয়ে রওনা হন মাসুদ বিশ্বাস। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের সীমানা এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পরই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ওই মাইক্রোবাসটিকে আঘাত করে।

সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম।

ঘটনার বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘সকালেই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের মধ্যে দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের মরদেহ ও জড়িত গাড়িগুলো শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’