বিশ্রাম দেওয়া হতে পারে রিশাদকে, একাদশে আসতে পারেন নাসুম

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক মাত্র দুই বছর পেরিয়েছে রিশাদ হোসেনের। ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো জাতীয় দলে খেলা এই লেগ স্পিনার ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের অন্যতম সেরা বোলার হিসেবে। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নামলেই সামনে থাকবে এক বড় মাইলফলকের হাতছানি।

রিশাদের টি-টোয়েন্টি উইকেট এখন ৪৮টি। আজকের ম্যাচে মাত্র ২ উইকেট পেলেই ৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করবেন তিনি—বাংলাদেশের ষষ্ঠ বোলার ও প্রথম লেগ স্পিনার হিসেবে। শুধু তাই নয়, ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি ছুঁয়ে ফেলতে পারেন দেশের অন্যতম সেরা বোলার সাকিব আল হাসানকেও।

সাকিব এই মাইলফলকে পৌঁছেছিলেন ৪২তম ম্যাচে। রিশাদ যদি আজ ৫০ উইকেট স্পর্শ করেন, তাহলে সেটা হবে তার ৪১তম ম্যাচে—সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন মোস্তাফিজুর রহমান, যিনি মাত্র ৩৩ ম্যাচেই ৫০ উইকেট পূর্ণ করেছিলেন।

এ পর্যন্ত বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট পেয়েছেন মাত্র পাঁচজন: মোস্তাফিজ, সাকিব, তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। এখন তাদের কাতারেই নাম লেখাতে পারেন রিশাদ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে রিশাদ কিছুটা বিবর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে মিলিয়ে নিয়েছেন মাত্র ১টি উইকেট। এমন পারফরম্যান্সের পর আজকের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ, এশিয়া কাপকে সামনে রেখে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে আজ সুযোগ দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে এখনো একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

সিরিজ ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে বলে দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছিল দল। তাই রিশাদকেও আজ বিশ্রামে রাখা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে একাদশে থাকুন বা না থাকুন, রিশাদ হোসেন যে এখন বাংলাদেশের স্পিন আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র, সেটা বলার অপেক্ষা রাখে না। মাইলফলকের কাছাকাছি দাঁড়িয়ে আছেন তিনি—এখন শুধু সময়ের অপেক্ষা।