হাতিয়ায় ১১ জেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি

নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। হাতিয়ার পূর্ব উপকূলে বঙ্গোপসাগর সংলগ্ন মেঘনার মোহনায় ঠেঙ্গার চরের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ঠেঙ্গারচর হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ও নৌপথে অনেক দূরে।

গতকাল বুধবার বিকেলে বিষয়টি জেলেদের স্বজনরা জানতে পারেন। অপহরণকৃত ১১ জেলের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোওয়ারী ইউনিয়নের চর ফলকন গ্রামে।

ট্রলারের মালিক নূর সোলেমানের ভাই নূর আলম মাঝি খবরের দেশ রূপান্তরকে মুঠোফোনে জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঠেঙ্গাচর এলাকায় সাগরে মাছ ধরা অবস্থায় তার ভাই নুর সোলেমানসহ ১১ জেলেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এখন পর্যন্ত আমরা তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনে কল যায় কিন্তু রিসিভ করে না। এদিকে অপর একটি নাম্বার থেকে কল করে নাম পরিচয় না বলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

অপহরণকৃত ট্রলারের দাদন দেওয়া হাতিয়া বৌ বাজার ঘাটের আড়তদার ও চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালীম আজাদ বলেন, ট্রলারের মাঝি মাল্লার সাথে দীর্ঘ বছর ধরে দাদন দিয়ে ব্যবসা করে আসছি। জেলেদের অপহরণের খবর পেয়ে হাতিয়া নৌ পুলিশকে অবহিত করি। ফাঁড়ির পুলিশ নিয়ে কয়েকটা জায়গায় অভিযান চালিয়ে অপহৃত জেলেদের উদ্ধারে ব্যর্থ হই।

এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, গতকাল সন্ধ্যায় বিষয়টি জানতে পেরেছি। এরপর স্থানীয় লোকজন নিয়ে অপহরণ স্থানে এবং আশপাশে এলাকায় অভিযান চালিয়ে জেলেদর সন্ধান পাওয়া যায়নি। অপহৃত জেলেদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।