নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসব জ্বালানি তেল শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। শনিবার (১১এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একইদিন ভোরে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলারসহ (ইঞ্জিনচালিত কাঠের নৌকা) ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, নলচিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. মিলন (২২), মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), ৮ নম্বর ওয়ার্ডের মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) এবং মো. সমিরের ছেলে মো. ফয়েল (১৯)। কোস্টগার্ড আরো জানায়, জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ জ্বালানি ও আটককৃতদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অভ্যন্তরীন জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
