ট্রাম্পের উপদেষ্টার সঙ্গে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান পিটিআই প্রধানের মুক্তির দাবিতে আসন্ন প্রতিবাদ কর্মসূচির প্রাক্কালে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা রিচার্ড গ্রেনেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ক্রিকেটার থেকে রাজনীতিক হয়ে ওঠা ৭১ বছর বয়সী ইমরান খান আগস্ট ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাসে সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত মে মাসে কাসিম প্রথমবারের মতো প্রকাশ্যে তার বাবার কারাবন্দিত্বের বিষয়ে মুখ খোলেন। এরপর জুনে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি ইমরান খানের কারাগারে অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘আমার বাবা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, এখন ৭০০ দিনের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তাকে আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না, পরিবারের কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, এমনকি তার ব্যক্তিগত চিকিৎসককেও প্রবেশ করতে দেওয়া হয় না। এটা ন্যায়বিচার নয়। এটা ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে একা করে ভেঙে ফেলার প্রচেষ্টা। অথচ তিনি আইনের শাসন, গণতন্ত্র ও পাকিস্তানের পক্ষে সবময় কথা বলেছেন।’

মঙ্গলবারের সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের বিশেষ মিশনের প্রেসিডেনশিয়াল দূত রিচার্ড গ্রেনেল এক্স-এ এক পোস্টে বলেন যে তিনি ক্যালিফোর্নিয়ায় সুলাইমান ও কাসিমের সঙ্গে দেখা করেছেন এবং তাদের ‘শক্ত থাকার’ আহ্বান জানান।

ওই সাক্ষাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত চিকিৎসক ড. আসিফ মাহমুদ-ও উপস্থিত ছিলেন। তিনি গ্রেনেল ও ইমরানের ছেলেদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য যে সাহস ও দৃঢ়তার সঙ্গে কাসিম ও সুলাইমান লড়ছে, তা অত্যন্ত গর্বের বিষয়।’