প্রচণ্ড তাপপ্রবাহে জাপানের মধ্যাঞ্চলের ৩টি শহরে মঙ্গলবার তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এ নিয়ে দেশটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘কোকুশোবি’ বা ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গিফু প্রিফেকচারের তাজিমি শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। একই প্রিফেকচারের গুজো শহরে তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং পাশের আইচি প্রিফেকচারের টোয়োটা শহরে তাপমাত্রা পৌঁছেছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াসে।
জাপানি বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে জাপান আবহাওয়া সংস্থা ‘কোকুশোবি’ শব্দটি চালু করে। যখন কোনো এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন দিনটিকে ‘চরম তাপদাহ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়। এর উদ্দেশ্য হলো জীবনহানির ঝুঁকিপূর্ণ তাপপ্রবাহ সম্পর্কে জনগণকে আরও সতর্ক করা।
আবহাওয়া সংস্থার মতে, রোববার থেকে জাপানের বিস্তীর্ণ এলাকাজুড়ে শক্তিশালী উচ্চচাপ বলয় সক্রিয় রয়েছে। এর ফলে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের ওপরের স্তরের বাতাস আরও উষ্ণ হয়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।