যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) এখন থেকে তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। এতে তরুণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগে বেশি সুবিধা পাবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে সরকার। 

মূলত নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবের ভিত্তিতে আইন সংশোধনের মাধ্যমে এ অধ্যাদেশ জারি করা হলো। এর ফলে এখন থেকে আর ২ মার্চ নয়, কমিশন চাইলে তফসিলের আগে যেকোন সময় ভোটার তালিকা প্রকাশ করতে পারবে।

নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী আইন সংশোধন করে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। সংশোধনীর ফলে এখন থেকে ২ মার্চের বদলে ইসি চাইলে যেকোনো সময় ভোটার তালিকা প্রকাশ করতে পারবে।

অধ্যাদেশে বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ এর দফা (জ) তে উল্লিখিত 'জানুয়ারি মাসের পহেলা তারিখ' শব্দগুলোর পর 'বা কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখ' শব্দগুলো সন্নিবেশিত হবে।

পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হতো, তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতেন। পরবর্তীতে বয়স ১৮ বছর পূর্ণ হলেও তারা ভোট দিতে পারতেন না। 

সর্বশেষ, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছিল ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর ছিল, তাদের ভিত্তিতে। ফলে ওই এক বছরে যারা প্রাপ্তবয়স্ক ছিলেন, তারা ভোট দিতে পারেননি।