ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে দুই ভাই নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজী বাড়ির মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের জ্যাঠাতো ভাই মো. সুজন বলেন, মোশারফ আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহনে চাকরি করে। তাদের একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। তার কোম্পানি আলভী এন্টারপ্রাইজের মালিক তাকে খবর দেয় সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করতে। তিনি ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে যান। হঠাৎ পেছন থেকে নোয়াখালীগামী লাল সবুজ নামে একটি বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোশারফ হোসেন মারা যান, তার ছোট ভাই একরাম আহত হন। গুরুতর অবস্থায় চট্টগ্রাম নেওয়ার পথে তিনিও মারা যান।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, একটি অজ্ঞাত বাস পিকআপকে সজোরে ধাক্কা দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার পিতার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাবেয়া।