লক্ষ্মীপুরে গণধর্ষণের শিকার হয়ে লোকলজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় প্রধান আসামিসহ অভিযুক্ত তিন যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি আবদুল মোন্নাফ।
এর আগে গত ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। নিহত নারী মালয়েশিয়াপ্রবাসী স্বামীর সংসার সামলাতে ৮ বছরের মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। অভিযুক্ত তিন যুবক দীর্ঘদিন ধরেই তাকে উত্ত্যক্ত করছিল। ঘটনার দিন সকালে মেয়েটি মাদ্রাসায় গেলে অভিযুক্ত তিনজন ঘরে ঢুকে লুকিয়ে থাকে। এরপর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধর্ষণের পর মানসিকভাবে ভেঙে পড়া গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওইদিন সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ।