১৪ জেলেসহ মাছধরা ট্রলার উদ্ধার

নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেসহ একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়। হাতিয়া কোস্ট গার্ড সূত্র এ খবর নিশ্চিত করেছে।

কোস্ট গার্ড জানায়, ‘এফবি জামিলা’ নামে ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। এক দিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গত বৃহস্পতিবার তারা নেটওয়ার্ক পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চায়। পরে ৯৯৯ থেকে নির্দেশ পেয়ে হাতিয়া কোস্ট গার্ড অনেক খোঁজাখুঁজি করে ট্রলারটি হাতিয়ার পূর্বে গাংগুয়ার চরের কাছ থেকে উদ্ধার করে। ট্রলারে থাকা ১৪ মাঝিমাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রলারটি টেনে এনে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।