সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতাকে ছুরি মেরে আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের হামলায় আহত নেতা তৌফিক ওমর তানভীর (২২) বৈছাআর সিলেট মহানগর কমিটির অন্যতম সংগঠক। হামলায় জড়িত থাকার অভিযোগে মারুফ আহমদ (১৮) নামের একজনকে একই দিন রাত ৩টার দিকে আটক করেছে পুলিশ। আটক মারুফ নগরীর আখালিয়া নোয়াপাড়ার আনসার আলীর ছেলে।
হামলায় আহত বৈছাআ নেতা তৌফিক ওমর তানভীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মদিনা মার্কেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। এ সময় অতর্কিতভাবে ১০-১৫ জন সেই অটোরিকশাকে ঘিরে ধরে চালককে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তারা তানভীরের পায়ে দুটি ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তানভীরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।