১২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-এ অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (একেপিএস)। অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া যেমন পর্যাপ্ত অর্থ সঙ্গে না থাকা, আবাসনের জন্য হোটেল বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে না পারার কারণে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, একেপিএসের মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি জানিয়েছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) প্রক্রিয়ার আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোকে নিজ খরচে তাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। শুহাইলি জানান, ওই ১৯৮ জন যাত্রীদের মধ্যে ১২৮ জনকে আটকানো হয় টার্মিনাল-১-এ। তাদের মধ্যে ১২৩ জন ছিলেন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশীয় এবং ১ জন সিরীয় নাগরিক। অন্যদিকে বাকি ৭০ জনকে আটকানো হয় টার্মিনাল-২-এ। তাদের মধ্যে ৫১ জন ছিলেন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামের নাগরিক।

শুহাইলি আরও জানান, আটক ব্যক্তিদের মোবাইল ফোনে একেপিএসের কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, একটি চক্র এসব ছবি ব্যবহার করে অন্যদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, যাদের আগে ফেরত পাঠানো হয়েছিল তারাই এ ছবিগুলো ছড়িয়ে দিয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, এসব চক্র এখন আইনপ্রয়োগকারী সংস্থার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে নতুন কৌশলে কাজ করছে। তিনি আরও জানান, অবৈধ অভিবাসনের পথ হিসেবে মালয়েশিয়াকে ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।