মানব জীবনের প্রকৃত সফলতা কেবল বাহ্যিক অর্জন বা আর্থিক উন্নতির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রকৃত সফলতা হলো মন, মগজ ও আত্মার প্রশান্তি অর্জন, যা মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। এই সফলতার অন্যতম প্রধান পূর্বশর্ত হলো আত্মার পবিত্রতা, যাকে ইসলামি পরিভাষায় তাজকিয়া বলা হয়। তাজকিয়া শব্দটি যেমন আত্মার মলিনতা ও অপবিত্রতা দূর করার ইঙ্গিত বহন করে, তেমনি তা নৈতিক উন্নয়ন ও আধ্যাত্মিক উৎকর্ষেরও প্রতীক।
পবিত্র কোরআন ও হাদিসে আত্মশুদ্ধির গুরুত্ব বারবার উচ্চারিত হয়েছে। মহান আল্লাহ কোরআনের বহু আয়াতে এই বিষয়ে শপথ করে গুরুত্ব বোঝিয়েছেন। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী, সাহাবায়ে কিরামের চরিত্র এবং সালফে সালেহিনদের জীবনে আমরা আত্মিক পবিত্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই।
বর্তমান সমাজে মানুষের বাহ্যিক সাফল্য যতই বৃদ্ধি পাক না কেন, তার ভেতরকার অস্থিরতা, হিংসা, বিদ্বেষ, আত্মম্ভরিতা ও কুপ্রবৃত্তির বিস্তার এক গভীর বিপদের ইঙ্গিত দেয়। এই আত্মিক ব্যাধিগুলোর উৎস মূলত হৃদয়ের অশুদ্ধতা। একজন মানুষ বাহ্যিকভাবে যতই ধার্মিক, মর্যাদাবান বা সুশিক্ষিত হোক না কেন, যদি তার অন্তরে হিংসা, অহংকার ও পরশ্রীকাতরতা লুকিয়ে থাকে, তবে তার ধ্বংস অনিবার্য হয়।
এই পরিস্থিতিতে আত্মার পবিত্রতা তথা তাজকিয়ার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি শুধু একজন ব্যক্তির আত্মিক উন্নয়ন নয়, বরং গোটা সমাজের নৈতিক ভিত্তি দৃঢ় করার পূর্বশর্ত। একমাত্র আত্মশুদ্ধির মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং দুনিয়া ও আখেরাতে শান্তির পথ খুঁজে পায়। আত্মিক পবিত্রতার মৌলিক ধারণা, এর গুরুত্ব, হিংসা ও বিদ্বেষের মতো আত্মিক রোগ এবং এসব থেকে মুক্তি লাভের কার্যকর উপায়সমূহ সম্পর্কে বিবরণী উল্লেখ করা হলো।
আত্মাকে পবিত্র করার গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ পবিত্র কোরআনে পরপর ১১ বার শপথ করেছেন। তিনি ঘোষণা করেন, ‘নিশ্চয়ই সেই সফল, যে আত্মাকে পরিশুদ্ধ করে। আর সেই ব্যর্থ, যে একে কলুষিত করে।’ (সুরা শামস, আয়াত ৯-১০)
এ আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, সফলতা তাদেরই ভাগ্যে জোটে, যারা অন্তরের হিংসা, বিদ্বেষ ও পাপাচার থেকে আত্মাকে পরিশুদ্ধ করে। পক্ষান্তরে, যারা নিজের নফসকে দূষিত করে, হিংসা ও কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা অবশেষে ব্যর্থতায় পতিত হয়।
হিংসা হলো অন্য কারও প্রাপ্ত সৌভাগ্য, সফলতা বা আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার আকাক্সক্ষা পোষণ করা। হিংসা তখনই পূর্ণরূপে প্রকাশ পায়, যখন কারও অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ জাগ্রত হয় এবং সে তা প্রকাশে তৎপর হয়। প্রকৃতপক্ষে শুধু চোখ দ্বারা হিংসা করার কাজ না, বরং হিংসার প্রকৃত কারণ হলো হিংসাকারী ব্যক্তির অন্তরের অহংকার, হিংসা ও বিদ্বেষপূর্ণ মনোভাব। হিংসার পরিণতি কখনো কখনো শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘বদনজর একটি বাস্তব বিষয়। যদি কোনো কিছু তাকদিরকে (ভাগ্য) ছাড়িয়ে যেতে পারত, তাহলে তা হতো বদনজর। আর যদি কাউকে বলা হয় তুমি গোসল করো, তবে সে যেন গোসল করে।’ (সহিহ মুসলিম ২১৮৮)
এমনকি হিংসাকারী ব্যক্তি যদি অন্ধও হয়, তবু তার হৃদয়ের হিংসা ও বিদ্বেষ অন্যের ওপর প্রভাব ফেলতে পারে। কারণ এই প্রভাব সরাসরি তার চোখের দৃষ্টির মাধ্যমে নয়, বরং অন্তরের দুষ্টতা ও বিদ্বেষপূর্ণ মনোভাবের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যখন সে অন্যের কোনো নিয়ামত বা সৌভাগ্যের কথা শোনে, তখনই তার অন্তরের হিংসা সক্রিয় হয়ে ওঠে এবং সেই হিংসাত্মক শক্তি আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণেই পবিত্র কোরআনে আল্লাহতায়ালা আমাদের সতর্ক করে বলেন : ‘এবং হিংসুকের অনিষ্ট থেকে (পানাহ চাই), যখন সে হিংসা করে।’ (সুরা ফালাক, আয়াত ৫)
তাই প্রত্যেক মানুষের উচিত নিজেকে পাপ, সীমা লঙ্ঘন এবং হৃদয়ের মারাত্মক ব্যাধি থেকে পবিত্র রাখা। এই আত্মিক ব্যাধিগুলোর মধ্যে আছে হিংসা, কুদৃষ্টি, বিদ্বেষ ও অন্যের দোষ তালাশে লেগে থাকা। এই আত্মিক পবিত্রতার অন্যতম প্রধান উপায় হলো আল্লাহর আনুগত্যে নিজেকে সম্পৃক্ত করা, নিয়মিত ইবাদতের মাধ্যমে আত্মাকে শক্তিশালী করা, ক্রমাগত ক্ষমা প্রার্থনা করা। এ বিষয়ে আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ঘোষণা করেন : ‘আর যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদের আমার পথসমূহে পথপ্রদর্শন করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন।’ (সুরা আনকাবুত, আয়াত ৬৯)
আত্মার পবিত্রতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিজের দোষ ও দুর্বলতা স্বীকার করা এবং মনে রাখা যে, আমার মধ্যেও নিন্দনীয় কিছু গুণ আছে, যা সংশোধনের প্রয়োজন। যে ব্যক্তি নিজেকে সবসময় সঠিক ও পূর্ণাঙ্গ মনে করে, সে অহংকারে পতিত হয় এবং আত্মশুদ্ধির পথ থেকে বিচ্যুত হয়। আর প্রকৃত ধার্মিক সেই ব্যক্তি, যিনি বিনয়ী, আত্মসমালোচক এবং আত্মশুদ্ধির প্রতি যতœশীল। রাসুল (সা.) আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন : ‘তোমাদের নিম্ন স্তরে যারা রয়েছে তাদের দিকে তাকাও, আর যারা তোমাদের ওপরে রয়েছে তাদের দিকে তাকিও না; এতে তোমরা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করবে না।’ (সুনানে তিরমিজি ২৫১৩)
আত্মশুদ্ধির অন্যতম পথ হলো নিজের মধ্যে ভালো গুণাবলি বিকাশ করা, যতক্ষণ না তা সব নিন্দনীয় স্বভাবকে ছাপিয়ে যায়। এটি শুধু বাহ্যিক আচরণে নয়, বরং অন্তরের গভীর থেকে মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে অর্জন করতে হয়।
আত্মাকে হিংসা থেকে পবিত্র করার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো আল্লাহর কোরআন ও তার জিকিরে মশগুল থাকা। বারবার কোরআন তিলাওয়াত করা, তা নিয়ে চিন্তা-ভাবনা করা এবং আল্লাহর জিকিরে নিজেকে সম্পৃক্ত করা আত্মার প্রশান্তি ও কল্যাণের পথ খুলে দেয়। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেন : ‘যারা ইমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর সত্যিকার প্রশান্তি লাভ করে।’ (সুরা রাদ, আয়াত ২৮)
এই আত্মার পরিশুদ্ধির জন্য আরও প্রয়োজন দানশীলতা ও উদারতা। কারণ দান শুধু গরিবকে সাহায্য করে না, বরং আত্মাকে পরিশুদ্ধ করে, হিংসা ও কৃপণতা দূর করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। আল্লাহতায়ালা বলেন : ‘তাদের সম্পদ থেকে তুমি সদকা (দান) গ্রহণ করো, যা তাদের পরিশুদ্ধ করবে এবং পবিত্র করবে।’ (সুরা তাওবা, আয়াত ১০৩)
আত্মিক পরিশুদ্ধি একটি গভীর, সচেতন ও ধারাবাহিক আত্মসংগ্রামের নাম। এই সংগ্রামে একদিকে যেমন রয়েছে নিজের অন্তরের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই, তেমনি রয়েছে উত্তম গুণাবলি অর্জনের প্রচেষ্টা। পবিত্র কোরআনের নির্দেশ, ‘যে আত্মাকে পরিশুদ্ধ করে সে-ই সফল’, এটি শুধু একটি নীতিবাক্য নয়, বরং মানব জীবনের মৌল নৈতিক সূত্র। বর্তমান সময়ে এই শিক্ষার তাৎপর্য আরও গভীর। প্রযুক্তির জগতে মানুষ যত অগ্রসর হচ্ছে, তার অন্তরের অন্ধকারও ততই ঘনীভূত হচ্ছে।