জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে দৃপ্ত শপথ

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সমাজ গঠনে সারা দেশে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গতকাল এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়। এ সময় বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

খুলনা : সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার, খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি সারা দেশের সব জেলা ও উপজেলাকে যুক্ত করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উপদেষ্টার সঙ্গে সারা দেশে একযোগে সব জেলা ও উপজেলায় লাখো কণ্ঠে শপথ পাঠ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আলোচনা করেন, জুলাই কন্যা-রুমি রহমান, লামিয়া ইসলাম লাম, সামসুন্নাহার নিশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফ নেওয়াজ, শামীম হোসেন খান প্রমুখ।

মাদারীপুর : সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সারা দেশের সঙ্গে ভার্চুয়াল শপথ বাক্য পাঠ করা হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করাসহ তাদের আত্মার মাগফিরাতের কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার।

পঞ্চগড় : বেলা ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এ সময় পঞ্চগড় জেলার সরকারি অডিটোরিয়াম হলরুমে যুক্ত হন জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

ময়মনসিংহ : সকাল ১০টায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মাগুরা : গতকাল দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নওগাঁ : সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শপথ পাঠের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এতে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহফুজ আলম শ্রাবণের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি প্রমুখ।

নড়াইল : সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। শপথ শেষে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রমুখ।