লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখলে বাধা দিতে গিয়ে আছিয়া বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও তিনজন সদস্য। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেওয়া ওই এলাকার মৃত আফার উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন নিহতের ছেলে দলিল উদ্দিনের স্ত্রী রুবিয়া বেগম (৪৫), রুবিয়ার দুই ছেলে আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (৩০)। তাদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আছিয়া বেওয়ার ছেলে দলিল উদ্দিন বলেন, ‘আমাদের চাচাতো ভাই আতিয়ার, মতিয়ার ও রেজাউল প্রায় ৪০ শতক জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিল। একাধিকবার গ্রামে সালিশ হলেও তারা মেনে নেয়নি। প্রতিপক্ষ ট্রাক্টর নিয়ে জোর করে জমি চাষ করতে আসে। বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও বেধড়ক মারধর করে। তিনি ঘটনাস্থলেই মারা যান।’