দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মামুন সম্রাট (৪৩) নামের ২৩ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গৌরীপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মামুন সম্রাট তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশে রওনা দেন। তিনি ঢাকার যাত্রাবাড়ী থেকে রিল্যাক্স পরিবহনের একটি বাসে টিকিট ছাড়াই ওঠেন। বাসটি রাত ১১টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তিনি বাস কাউন্টার থেকে ১ হাজার ৮০০ টাকার টিকিট কাটেন এবং পাশের দোকান থেকে পানি কিনে বাসে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা, হাইওয়ে থানা ও সেনাবাহিনীর সদস্যরা মামুনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তিতাস ছাড়াও দাউদকান্দির গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ কিশোর গ্যাং পরিচালনা করতেন তিনি। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হন।

পুলিশের একাধিক সূত্র জানায়, আটক ৩ নারীর একজন মুক্তা আকতার নিজেকে মামুনের স্ত্রী পরিচয় দিয়েছেন। বাড়িতেও তার স্ত্রী সন্তান আছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।