বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজে ভারতের কোচ হতে চেয়েছেন; কিন্তু টাকার অভাবে তাকে কোচ করতে পারছে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)! শুধু জাভি নয়, ম্যানচেস্টার সিটির খ্যাতিমান কোচ পেপ গার্দিওলার নামেও নাকি কোচ হওয়ার আবেদন এসেছে! গত তিন দিন ধরে এমন খবরে তোলপাড় চলছে ফুটবলঅঙ্গনে। আসলে কী হচ্ছে ভারতের কোচ নিয়োগে?
ভারতের শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের দল পরিচালনা বিভাগের পরিচালক সুব্রত পাল বলেছিলেন, ‘প্রার্থীদের তালিকায় জাভির নামও ছিল। আবেদনটি এআইএফএফ-কে ইমেইল করা হয়েছিল।’ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আবেদনটি নাকি জাভির নিজস্ব ইমেইল আইডি থেকেই পাঠানো হয়েছিল, যদিও তাতে যোগাযোগ নম্বরের অংশটি খালি ছিল।’
মূলতঃ এখান থেকেই জাভিকে নিয়ে গুজবের সূত্রপাত। পরে গতকাল এআইএফেফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পেপ গার্দিওলাও নাকি ফিফা র্যাংকিংয়ের ১৩১ নম্বর দল ভারতের কোচ হতে চান! ২০২৭ সাল পর্যন্ত সিটির সঙ্গে চুক্তিবদ্ধ গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়ার আবেদন এলে খোঁজখবর শুরু করে এআইএফএফ। অবশেষে এআইএফএফ জানিয়েছে, আসলে জাভি এবং পেপ গার্দিওলার নামে ভুয়া মেইল এসেছে।
ভারতের কোচ হতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে মোট ১৭০টি আবেদনপত্র পাওয়া গেছে। যাচাই–বাছাই শেষে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এআইএফএফের সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘এআইএফএফ স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের আবেদনপত্রসহ একটি ই–মেইল পেয়েছিল। তবে তাদের আবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। পরবর্তী সময়ে জানা গেছে যে, আবেদনগুলো আসল ছিল না।’