বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন একটি সুযোগ তৈরি হয়েছে, জাতীয় ঐক্য গড়ে তোলার। এটিকে কাজে লাগাতে পারলে আমরা সফল হবো। তিনি আরও যোগ করেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে বিএনপি সচেতনতার সঙ্গে এগোচ্ছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। তবে, এজন্য রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। পাশাপাশি, জনগণের মধ্য থেকেও এ দাবি উঠতে হবে।
তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রস্তাব দিয়েছিলেন। দক্ষিণাঞ্চলের বহু এলাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে, যা পুনরুদ্ধারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির কথা তুলে ধরে বলেন, সবকিছু মানুষের ওপর নির্ভর করে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ সবকিছু অর্জন করতে পারে। ১৯৭১ সালে তা প্রমাণিত হয়েছে, এমনকি ২০২৪-এর গণআন্দোলনেও তা দেখা গেছে।