আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়ে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনার (ভূমি)-কে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। বিষয়টি বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় মামলার আসামিরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় ওই স্থানে স্থায়ী নিষেধাজ্ঞা সংক্রান্ত আদালতের ডিক্রি বিদ্যমান ছিল। এর পরও উচ্ছেদ করে আব্দুল হামিদ নামে এক ব্যক্তির ঘর ভেঙে জমি বেদখল করা হয়।
ঘটনার প্রায় দেড় বছর পর, ২০০৮ সালের ১০ আগস্ট আব্দুল হামিদ নামে ভুক্তভোগী ওই ব্যক্তি হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত এসিল্যান্ড নুরে আলম সিদ্দিকী, এবং হবিগঞ্জ সদর এসিল্যান্ড সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।
১৭ বছর পর মামলার রায়ে বিচারক চার সরকারি কর্মকর্তার প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এছাড়া আদালত জমির মালিক আব্দুল হামিদকে তার জমি ফেরত দিতে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ২১ দিনের মধ্যে জমি হস্তান্তর সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।