অটোরিকশা ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

আটক সিএনজি ছেড়ে দেওয়া, হয়রানি বন্ধ করাসহ তিন দফা দাবিতে গতকাল রবিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন শুরু করেছে জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলা শহর থেকে বিভিন্ন রুটে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের সমর্থনে সকাল থেকে আখাউড়া শহরের খড়মপুর বাইপাস তিন রাস্তার মোড়ে অটোরিকশাচালকসহ পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের শ্রমিকরা অবস্থান নেন। তারা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেন। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

দুপুর ১টার দিকে সরেজমিনে আখাউড়া বাইপাস এলাকায় দেখা গেছে, সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। কিছু লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। গাড়ি দেখলেই দৌড়ে গিয়ে

থামিয়ে দিচ্ছেন। যানবাহন না থাকায় মানুষ হেঁটে গন্তব্যে যাচ্ছে। তবে, যাত্রীদের জিম্মি করে এমন ধর্মঘটে ক্ষোভ প্রকাশ করেন কয়েক যাত্রী।

জেলা দক্ষিণ মালিক সমিতির সাধারণ সম্পাদক কারী আব্দুল্লাহ বলেন, ‘বিগত প্রায় দুই মাসে জেলা প্রশাসনের সঙ্গে আমরা একাধিক সভা করেছি। গাড়িগুলো শহরে ঢুকলেই জব্দ করে পুলিশ লাইনে নিয়ে যায়। জেলা প্রশাসকের কাছে দাবি করেছি, আমাদের সুযোগ দিন, আমরা গাড়িগুলোর লাইসেন্স নবায়ন করব। আমাদের আটক গাড়িগুলো ছেড়ে দিতে অনুরোধ করেছি।’ তবে, তিনি অন্য গাড়ি চলাচলে বাধার অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ‘সিএনজি পরিবহন সংগঠনকে বলেছি তারা সিএনজি ছাড়া অন্যান্য গাড়ি যেন চলাচলে বাধা না দেয়।’