নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসি এসপিকে স্মারকলিপি

যানজট সমস্যা নিরসনে জোরালো উদ্যোগ গ্রহণের বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বরাবর স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পরে যানজট নিরসনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা যানজট নিরসনে বিভিন্ন মতামত দেন। 

সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু ভূঁইয়া) বলেন, ‘বর্তমানে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে ভয়াবহ যানজট একটি নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এ যানজটের ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ প্রতিটি শ্রেণির মানুষ প্রতিনিয়ত মানসিক অস্বস্তি, সময় ও অর্থের অপচয় এবং নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানের প্রায় প্রত্যেকটি স্পটে ও বাজারের সামনে এ সমস্যা বিরাজমান। ট্রাফিক ব্যবস্থাপনার অভাব, অবৈধ পার্কিং, রিকশা ও অবৈধ যানবাহন, অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল, অটোরিকশা ও নিয়ম না মানা চালকদের কারণে শহর জুড়ে এক অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা রয়েছে। ছোট্ট এই শহরে জনসংখ্যা খুব বেশি। কিন্তু সেই তুলনায় সড়ক কম। শহরে অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল নেই। যানজট নিরসনে দ্রুত সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে।’