বগুড়ায় দোকান থেকে ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার

বগুড়া শহরের বিভিন্ন এলাকা ও মার্কেটে অভিযান চালিয়ে ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য  জানান।

গত শনিবার রাতে পুলিশ এই অভিযান চালায়। উদ্ধার করা চাকুগুলো মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রির জন্য মজুদ করা ছিল। বগুড়া শহরের চুরিপট্টি, নিউ মার্কেট, কাজী নজরুল ইসলাম সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানিদের বার্মিজ চাকু বিক্রি না করতে বলা হয়েছে।

বার্মিজ চাকু উদ্ধার অভিযানের বিষয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার বলেন, শহরের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে যে খুন হয়েছে এবং ছুরিকাঘাত করা হয়েছে তা বার্মিজ চাকু দিয়েই হয়েছে।