কালিয়াকৈরে দুজনের পর মিলল আরেক বন্ধুর লাশ

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকশ বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের এক দিন পর দুই বন্ধুর লাশ উদ্ধার করে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। আর নিখোঁজের তৃতীয় দিন গতকাল রবিবার সকালে মিলল তাদের আরেক বন্ধুর অর্ধগলিত লাশ। এলাকাবাসীর সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী মকশ বিলে নৌকা ডুবে যায়। ওই সময় পাঁচ বন্ধুর মধ্যে সাকিব হোসেন ও আরাফাত হোসেন নামে দুই বন্ধু সাঁতার কাটতে থাকলে তাদের উদ্ধার করে এলাকাবাসী। তাদের উদ্ধার

করতে পারলেও নৌকা ডুবে নিখোঁজ হন অন্য তিন বন্ধু রফিকুল, শিমুল ও মেহেদী। তিন বন্ধুর মধ্যে গত শনিবার সকালে রফিকুল ও বিকেলে শিমুলের লাশ উদ্ধার করে।

তৃতীয় দিনের ওই বিলে কচুরিপানার পাশে অর্ধগলিত এক লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতার পরিবারের সদস্যরা মেহেদীর লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধারের পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।