ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নগরের বন্দর থানা এলাকায় ১৪ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওমর ফারুক (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে রবিবার (২৭ জুলাই) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আটক হওয়া ওমর ফারুক সেখানকার ‘ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসা’র শিক্ষক। 

এই প্রসঙ্গে বন্দর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক তারই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের এক ছাত্রকে (১৪) একাধিকবার বলাৎকার করেছেন। সর্বশেষ গত ২৪ জুলাই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ২৭ জুলাই রাতে পরিবারকে বিষয়টি জানালে তারা ওমর ফারুককে আটক করে পুলিশে দেন।

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক অপরাধ স্বীকার করেছেন। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বলাৎকারের প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। শিশু নির্যাতন সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ 

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই কাণ্ড ঘটানোর অভিযোগ উঠলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তা আমলে  নেয়নি। এবার সিসিটিভি ফুটেজের প্রমাণ পাওয়া ঘটনাটি প্রকাশ্যে এসেছে।