পাওনা টাকা নিয়ে সালিশ দুপক্ষের সংঘর্ষে আহত ৮

নাটোরের বড়াইগ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সালিশ বৈঠকে সংঘর্ষে মৎস্যজীবী দলের আহ্বায়কসহ আটজন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা দায়ের করা  হয়েছে।

এর আগে গত রবিবার রাতে উপজেলার মালিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মালিপাড়া গ্রামের উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু হানিফ (৫৫), তার ছেলে শাহীন হোসেন (৩০), ভাই আফতাব উদ্দিন (৬৫) ও ভাবী মাজেদা বেগম (৬০), বনপাড়া পৌর ছাত্রদলের সদস্য মিলন হোসেন (২৩) এবং বনপাড়া সরদারপাড়া মহল্লার শান্তকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মালিপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৪) ও শাহরিয়ারকে (২০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, দুই বছর আগে মালিপাড়া গ্রামের মানিকের কাছ থেকে প্রতিবেশী আলমগীর হোসেন স্ট্যাম্পে লিখিত চুক্তিনামার ভিত্তিতে এক লাখ টাকা ধার নেয়। ছয় মাসের মধ্যে সে টাকা পরিশোধের কথা থাকলেও আলমগীর তা দিতে পারেনি। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা দেখা দিলে সালিশ ডাকা হয়। কিন্তু অমীমাংসিত অবস্থায় সালিশ বৈঠক শেষ হলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু হানিফ বলেন, ‘আলমগীর ও তার লোকজন হামলা চালিয়ে আমাদের আহত করে। তারা আমার ও আমার ভাইসহ চারজনের বাড়ি ভাঙচুর করে নগদ দুই লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।’ 

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সালিশ বৈঠকে সংঘর্ষের বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।