বিদেশি পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল খালপাড় এলাকায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে মো. সুমন (১৯) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানায়, তিনি এবং পলাতক আসামি আসিফ (২৬) মিলে গত ২৫ জুলাই বাকলিয়া থানাধীন আরাকান রোডসংলগ্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে মহিউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। পরে ওই ঘটনায় বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-গুলি তক্তারপুল সংলগ্ন খাল পাড়ের পূর্ব পাশে আবু সওদাগরের কলোনি এলাকায় একটি ইটের স্তূপের নিচে লুকিয়ে রাখেন। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।