দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারও যুক্তরাজ্যে পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ আবেদনপত্র জমা দিয়েছে দলটি।
চিঠিটি পাঠানো হয়েছে গত রোববার (২৭ জুলাই)। এতে স্বাক্ষর করেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। চিঠিটি পাঠানো হয় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে।
পত্রে বলা হয়েছে, চিকিৎসক দলের সুপারিশ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজনে যুক্তরাজ্যে যাত্রা জরুরি হয়ে পড়েছে। এ উদ্দেশ্যে তাঁর এবং তাঁর চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
চিঠিতে যেসব ব্যক্তির নাম উল্লেখ রয়েছে—
১. বেগম খালেদা জিয়া
২. এ বি এম আবদুস সাত্তার (একান্ত সচিব)
৩. মো. মাসুদার রহমান
৪. ফাতেমা বেগম
৫. রুপা সিকদার
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে এ বি এম আবদুস সাত্তার জানান, ‘ম্যাডামের লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এ কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। তবে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।’
উল্লেখ্য, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে চিকিৎসা শেষ করে দেশে ফিরেছিলেন খালেদা জিয়া।